ওং কার-ওয়াই বর্তমান পুরো বিশ্বের সবচেয়ে সেলিব্রেটড পরিচালকদের একজন। আপনি যদি সিনেফাইল হন, ফেসবুকে যদি সামান্য কিছু মুভি ভিত্তিক গ্রুপ/পেজ ফলো করে থাকেন, তাহলে নিশ্চিত আপনি তাকে নিয়ে প্রায়শই পোস্ট দেখেন। বর্তমান ফেসবুকে In the Mood for Love (2000), Chungking Express (1994), Days of Being Wild (1990), Fallen Angels (1995), Happy Together (1997) ইত্যাদি ইত্যাদি নিয়ে অহরহ পোস্ট হয়। ওং কার-ওয়াইর ব্যতিক্রমী ন্যারেটিভ, ভালোবাসার গল্প, হৃদয় ভাঙ্গার গল্প এবং নিঃসঙ্গতার গল্প কমবেশি সবার মনে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে৷ তবে এই শিল্পকে পারফেক্ট করতে ওং কার-ওয়াইর শিল্পীদের কম বেগ পেতে হয়নি।
ওং কার-ওয়াইর কাজের ধরন অন্যরকম। হংকং অথবা পুরো বিশ্বে প্রথাগতভাবে যেভাবে সিনেমার শ্যুটিং করা হয়, ওং কার-ওয়াই সেই নিয়ম মেনে শ্যুটিং করেন না। ওং কার-ওয়াই কোন স্ক্রিপ্ট অনুসরণ করেন না৷ সে শুধু চরিত্রগুলো বানান, বাকি গল্পকে সে আপনা-আপনি তৈরি হতে দেন। ওং কার-ওয়াইর সেটে কোনদিন কী হবে, তা কারোরই জানা থাকে না। ওং কার-ওয়াই প্রতিদিনকার স্ক্রিপ্ট প্রতিদিন লেখেন৷ তাই তাঁর শিল্পীদের কোন ধারণা থাকে না যে আজ সেটে কী হবে।
স্ক্রিপ্ট ছাড়া অনেক পরিচালকের কাজ করার ইতিহাস রয়েছে। কিন্তু ওং কার-ওয়াই কিছুটা ব্যতিক্রম। সে স্ক্রিপ্ট ছাড়া কাজ করেন, আবার কোন নির্দিষ্ট লাইন অনুসরণ করেন না। অনেক অপ্রাসঙ্গিক দৃশ্য শ্যুট করেন, যার সাথে গল্পের কোন সম্পর্ক নেই এবং শেষপর্যন্ত ঐ সিনগুলো কাট করে দেন।
![]() |
| Wong Kar-wai on the sets of Happy Together (1997) |
যেমন Happy Together (1997) সিনেমার কথাই ধরুন। শুরুতে এটার গল্প অন্যরকম ছিল। সিনেমায় টনি লিউংয়ের বাবার চরিত্রকে সমকামী হিসেবে দেখানোর কথা ছিল এবং লেজলি চিউংয়ের চরিত্র হওয়ার কথা ছিল টনি লিউংয়ের বাবার প্রেমিক৷ এই গল্প অনুসরণ করে কিছু দৃশ্য শ্যুট করা হয়। এই গল্পে আবার টনি লিউংয়ের চুল খানিকটা বড় ছিল। পরে আর্জেন্টিনায় গিয়ে সে গল্প পুরোপুরি পাল্টে ফেলে। তাঁর হঠাৎ মনে হলো যে টনি লিউং চিউ-ওয়াই নিজে সমকামীর চরিত্রে কাজ করলে আরো বেটার হবে। তখন টনি লিউং ভীষণ বিড়ম্বনায় পড়ে যান৷ ঐসময় এশিয়ান স্টারদের জন্য সমকামী চরিত্রে কাজ করাটা আজকের মত এত সহজ ছিল না। আর ঐসময়ে লেজলি চিউংয়ের সমকামী হওয়ার ব্যাপারটাও তাজা ছিল৷ তাই টনি লিউংয়ের জন্য হুট করে সমকামী চরিত্রে কাজ করাটা খুব সহজ ব্যাপার ছিল না। তার উপর আবার সিনেমার সেক্স সিন নিয়ে সে চিন্তিত ছিলেন, তাঁর মা দেখলে কী ভাববেন তা নিয়ে। তবে টনি লিউংকে রাজী করানোর দায়িত্ব ওং কার-ওয়াই দিয়েছিলেন লেজলি চিউংকে। আর সেসময় লেজলি চিউং ছিলেন হংকং সিনেমার বিগ ব্রাদার টাইপ ফিগার। তার কথা ফেলে দেয়াটা টনি লিউংয়ের পক্ষে সম্ভব ছিল না৷
![]() |
| First day shooting of Happy Together (1997). From the 2021 short-documentary "One-Tenth of a Millimeter Apart" |
টনি লিউংকে সমকামী চরিত্রে রাজী করানো পর্যন্তই শেষ নয় বরং সেখানেই শুরু। তারপর শুরু হয় আলাদা আলাদা গল্প অনুসরণ করে শ্যুটিং। শার্লে কোয়ানের একটা অংশ তো পুরোপুরি ছুড়ে ফেলে দেয়া হয়েছে। টনি লিউং, লেজলি চিউং, চ্যাং চেনের অসংখ্য দৃশ্য কেটে দেয়া হয়েছে। টনি লিউং চিউ-ওয়াই এই সিনেমা সম্বন্ধে বলেন,
" হ্যাপি টুগেদার সিনেমার জন্য যত শ্যুটিং করা হয়েছে, তা এক করলে ৬ টি আলাদা সিনেমা বানানো সম্ভব। "
অর্থাৎ বুঝতেই পারছেন যে ওং কার-ওয়াই শ্যুটিং নিয়ে কতটা এক্সপেরিমেন্ট করেছেন। উনি একটা পুরো চরিত্রকে ছুড়ে ফেলতে কার্পণ্য করেননি।
![]() |
| Shirley Kwan's deleted footage from Happy Together (1997) |
হংকং ছাড়ার আগে কথা ছিল আর্জেন্টিনায় শ্যুটিং হবে ৬ সপ্তাহ কিন্তু সে শ্যুটিং চললো ৪ মাস। লেজলি চিউং শুধুমাত্র কমিটমেন্টের জন্য তাঁর অন্যান্য শিডিউল বাদ দিয়ে শ্যুটিংয়ের কাজ চালিয়ে যান। তবে একপর্যায়ে গিয়ে আর কন্টিনিউ করা সম্ভব হয়না। লেজলি চিউংয়ের কনসার্টের সময় ঘনিয়ে আসে। পুরোপুরি টিকিট সোল্ড, মার্কেটিং সম্পন্ন হওয়া সেই কনসার্ট ক্যানসেল করার মত ক্ষমতা লেজলি চিউংয়েরও ছিল না। সে শেষপর্যন্ত কাজ সম্পন্ন না করেই হংকংয়ে ফিরে যান। তখন লেজলি চিউংয়ের গ্যাপ কমপ্লিট করার জন্য চ্যাং চেনকে গল্পে ঢোকান ওং কার-ওয়াই। শুরুতে চ্যাং চেনের অংশও পরিকল্পিত ছিল না। শুধুমাত্র লেজলি চিউংয়ের শূণ্যস্থান পূরণ করার জন্য তাকে নেয়া হয়। লেজলি চিউং অবশ্য কনসার্ট শেষ করেই আর্জেন্টিনায় ফিরে গিয়ে বাকি কিছু টুকটাক শ্যুটিং কমপ্লিট করেন। তবে এরমধ্যেই লেজলি চিউং এবং ওং কার-ওয়াইর সম্পর্কে ফাটল ধরে। হংকংয়ের গণমাধ্যমে খবর বেরোয় যে হ্যাপি টুগেদার মুভির বাড়তি শ্যুটিংয়ের জন্য লেজলি চিউংকে বাড়তি পারিশ্রমিক দেয়া হয়েছে কিন্তু লেজলি চিউং বাড়তি পারিশ্রমের কথা অস্বীকার করেন।
পরবর্তীতে হ্যাপি টুগেদার মুভির প্রোমশন থেকে নিয়ে অন্য সকল কাজ থেকে নিজেকে সরিয়ে নেন লেজলি চিউং। পরবর্তীতে তিনি ওং কার-ওয়াইর সাথে কাজ করবেন কিনা উত্তরে লেজলি চিউং বলেন,
" যদি স্ক্রিপ্ট পছন্দ হয়, তাহলে কাজ করবো। " কিন্তু ওং কার-ওয়াইর সিনেমায় স্ক্রিপ্ট থাকে না তা আমরা সবাই জানি। অনেকের মতে ওং কার-ওয়াইর সাথে আর কাজ না করার ব্যাপারে ইন্ডাইরেক্ট ইঙ্গিত দিয়েছিলেন লেজলি চিউং এবং জীবদ্দশায় আর তিনি ওং কার-ওয়াইর সাথে কাজ করেননি।
![]() |
| Leslie Cheung in Happy Together (1997) |
Happy Together সিনেমায় কাজ করার জন্য ওং কার-ওয়াই বাদেও অন্যান্য অনেক জায়গায় অপ্রীতিকর মুহূর্তের শিকার হতে হয়েছে লেজলি চিউংকে। ১৯৯৮ সালের হংকং ফিল্ম অ্যাওয়ার্ডসে এই মুভির থীম নিয়ে একটা প্যারডি স্কিট প্লে করে ফ্রান্সিস উং, নাতালিস চ্যান এবং দায়ো ওয়াং। সেই স্কিটে লেজলি চিউংকে বাজেভাবে অপমান করা হয়। ক্যামেরা লেজলি চিউংয়ের দিকে নিলে তাঁর বিমর্ষ চেহারা দেখা যায়। এছাড়া হংকং ফিল্ম অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার দেয়া হয় টনি লিউংকে, কারণ হিসেবে বলা হয়:
" লেজলি চিউং বাস্তব জীবনে একজন সমকামী, তার জন্য সমকামীর চরিত্রে অভিনয় করা সহজ। কিন্তু টনি লিউংয়ের জন্য সমকামীর চরিত্রে অভিনয় করা কঠিন। তাই শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার টনি লিউংকে দেয়া হয়েছে। "
টনি লিউং খুবই উঁচুমানের অভিনেতা। হংকং ফিল্ম অ্যাওয়ার্ডস ইতিহাসে সবচেয়ে বেশি ৫ বার শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার জিতেছেন তিনি। তাঁর পুরষ্কার পাওয়া নিয়ে প্রশ্ন তোলা কঠিন তবে যে কারণ দেখানো হয়েছে, তা অবশ্যই বিতর্কের ফাঁক রেখে দিয়েছে।
তাছাড়া গোল্ডেন হর্সেও লেজলি চিউংকে স্নাব করা হয়। তাঁরা কারণ হিসেবে বলে:
" লেজলি চিউংকে সবাই চিনে। তাঁর এই পুরষ্কার নতুন করে জেতার প্রয়োজন নেই। কিন্তু নতুন একজন অভিনেতার ক্যারিয়ারে এই পুরষ্কার টনিক হিসেবে কাজে দেবে। "
যদিও এই বিষয়গুলোর সঙ্গে ওং কার-ওয়াইর সম্পৃক্ততা নেই। তবে হ্যাপি টুগেদার নিয়ে কথা ওঠায় ভাবলাম এইকথা গুলোও পাঠকদের জানা উচিত।
এবার মূল টপিকে ফিরি। লেজলি চিউং বাদেও আরো অনেকেই ওং কার-ওয়াইর সঙ্গে কাজ করে অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন।৷ যারমধ্যে টনি লিউং, ক্রিস্টোফার ডয়েল, জ্যাকি চিউং রয়েছেন। টনি লিউং যদিও সাপোর্টিভ কথাবার্তাই বলেছেন। তবে ওং কার-ওয়াইর সঙ্গে যে কাজ করা ফ্রাস্ট্রেটিং, এইটুকু তিনি বলেছেন। টনি লিউংয়ের পেশাদারিত্ব এবং ব্যক্তি স্বভাব বিবেচনায় নিয়ে বলা যায় যে তিনি কাওকে নিয়ে নেগেটিভ কথা বলার ব্যক্তি নন। তিনি ভেজাল এড়িয়ে চলতেই ভালোবাসেন। তবে হংকংয়ের হিভেনলি কিং জ্যাকি চিউং ঠিকই হতাশার কথা জানিয়েছেন। এক ইন্টার্ভিউয়ে তিনি বলেন,
" Days of Being Wild (1990) সিনেমার একটি শটের জন্য ৬২ বার টেক নিতে হয়েছিল। ওং কার-ওয়াই বার বার কাট বলছিল, কিন্তু কী সমস্যা তা বলছিল না। কিছুক্ষণ পর ওং কার-ওয়াই এসে বললো, আর সম্ভব না। পরেরটা যেরকমই হয়, ঐটাই ওকে।অন্য কোন পরিচলক হলে আমি কষ্ট পেতাম না কিন্তু ওং কার-ওয়াইকে তো আমি বন্ধুর নজরে দেখি। "
![]() |
| Jacky Cheung in Days of Being Wild (1990) |
ওং কার-ওয়াইর দীর্ঘদিনের সতীর্থ ক্রিস্টোফার ডয়েলের সঙ্গেও তাঁর সমস্যা হয়েছে।
তাদের ৬ষ্ঠ কোলাবোরেশান In the Mood for Love (2000) সিনেমার কাজ শুরু হয় ওং কার-ওয়াইর অন্যান্য সিনেমার মত কোন স্ক্রিপ্ট অথবা কোন নির্দিষ্ট সময় ছাড়া। শ্যুটিং চলতে চলতে ১৫ মাস লাগে সম্পন্ন হতে।
ক্রিস্টোফার ডয়েল শুরুতে স্ক্রিপ্ট ছাড়া কাজ করার প্রতিশ্রুতি দিলেও মুভির একই দৃশ্য বারবার, ভিন্ন ভিন্ন জায়গায় শ্যুট করতে করতে তিনি ক্লান্ত হয়ে যান। আর নির্দিষ্টি কোন সময়সীমা না থাকায় তিনি অন্যান্য অনেক কাজের অফার ছেড়ে দেন। কিন্তু একসময় গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে সে In the Mood for Love এর কাজ ছেড়ে দেয়। পরে তাঁর জায়গায় তাইওয়ানিজ সিনেমাটোগ্রাফার মার্ক লি পিং বিনকে দিয়ে শ্যুটিং সম্পন্ন করা হয় এবং দু'জনকে সমান ক্রেডিট দেয়া হয়। মার্ক লি পিং বিন তাইওয়ানের বিখ্যাত আর্টহাউজ ফিল্মমেকার হাউ সিয়াও-সেনের সঙ্গে কাজের জন্য বিখ্যাত।
![]() |
| Maggie Cheung and Wong Kar-wai on the sets of In the Mood for Love (2000) |
2046 (2004) সিনেমায়ও একই জিনিস পুনরাবৃত্তি হয়েছে। ক্রিস্টোফার ডয়েল শ্যুটিং চলাকালীন কাজ ছেড়ে দেন। পরে অন্যান্য সিনেমাটোগ্রাফার দিয়ে কাজ সম্পন্ন করা হয়। এশিয়া ইতিহাসের অন্যতম সেরা বিহাইন্ড দ্য ক্যামেরা জুটির সর্বশেষ কাজ ছিল এই সিনেমা৷ পরবর্তীতে আর তারা একসঙ্গে কাজ করেননি। অবশ্য ওং কার-ওয়াই তারপর সিনেমাই বানিয়েছেন মোট দু'টি, যারমধ্যে আবার একটি হলিউড প্রোডাকশন। তবে ভবিষ্যতে তাদের পুনরায় একসঙ্গে দেখতে পারার সম্ভাবনা ক্ষীণ৷ টনি লিউংয়ের ক্ষেত্রেও তা বলা যায়।
![]() |
| Christopher Doyle & Wong Kar-wai on the sets of Chungking Express (1994) |
![]() |
| Wong Kar-wai & Christopher Doyle on the sets of In the Mood for Love (2000) |
Tags
হংকং সিনেমা








