Chihayafuru আমি খুঁজে পেয়েছিলাম কিছুটা কাকতালীয়ভাবে। একটি জাপানিজ সিনেমা খুঁজতে গিয়ে অন্য একটি সিনেমা (Flying Colours, 2015) খুঁজে পাই। রেটিং পজিটিভ থাকায় অতো না ভেবে নামিয়ে ফেলি। সেই মুভিতে ছিলেন শুহেই নোমুরা। তাকে মুভিতে ভালো লাগার কারণে ক্যাজুয়ালি তাঁর ফিল্মোগ্রাফি ঘাটছিলাম। সেখানে Chihayafuru আমার চোখে আসে। সার্চ দিয়ে দেখি আইএমডিবি ভোট ১ হাজারের-ও কম (উল্লেখ্য: এখানে ২০১৯ সালের কথা বলা হচ্ছে)। তারপর কিছু স্থিরচিত্র দেখে টিপিক্যাল ইউথ ড্রামা, টিন রোম্যান্স, লাভ ট্রায়াঙ্গল টাইপ মনে হচ্ছিল। এইধরনের সিনেমা আমার ভালো লাগে না। কিন্তু পরে লক্ষ্য করলাম এই সিনেমার ২ টি সিকুয়েল আছে। আমি আবার "স্টোরি-কানেক্টেড ট্রিলজি" সিনেমার প্রতি ভীষণ দুর্বল। অনেকদিন খোঁজার পরেও একটি ডিসেন্ট আধুনিক জাপানিজ "স্টোরি-কানেক্টেড ট্রিলজি" না পাওয়ার কারণে Chihayafuru ট্রিলজিতেই আশ্রয় নিলাম। চেক করে দেখলাম সবগুলোর রেটিং প্রায় সমান, তাই আশ্বস্ত হলাম যে ট্রিলজিতে তেমন একটা ডাউনগ্রেড হয়নি, সবগুলো সমান রকম ভালো ছিল। তাই আমি খুব বেশি না ভেবে স্পোর্টস-ড্রামা জনরার এই ট্রিলজিটি নামিয়ে ফেলি।
নামিয়ে রাখার পর আমার ডিভাইসে বেশ কিছুদিন সিনেমাগুলো পড়ে ছিল। পরে একদিন বাসায় আমি একা ছিলাম, শীতের আবহাওয়া ততদিনে শুরু হয়ে গেছে। শীতের দিনের সেই নিঃশব্দতা ছড়িয়ে পড়েছে। নিঃশ্বাস নিলে শীতের ঘ্রাণ পাওয়া যায়। এমন এক সময় কম্বল পেঁচিয়ে ট্রিলজির প্রথম পার্ট চালু করি খুবই ক্যাজুয়ালি। ইনফ্যাক্ট, ফিল্মটা যে তখন পুরোটা দেখবো, এমন চিন্তাও মাথায় ছিল না।
গল্পটা শুরু হয় অভিনেতা শুহেই নোমুরার চরিত্রকে দিয়ে, যার কিছুক্ষণ পর সুজু হিরোশির "চিহায়া" চরিত্রকে ইন্ট্রোডিউস করানো হয়।
সাধারণত এইধরনের সিনেমা যেমন হয়: কালার গ্রেডিং অনেকটাই আলোকোজ্জ্বল হয়, সবার পোশাক-আশাক-ও অনেকটা রঙ্গিন হয়। আবহাওয়াটা বেশ সুন্দর, মিষ্টি হয়। এই ট্রিলজিটাও ঠিক তেমনই, তবে প্লাস পয়েন্ট হচ্ছে, এটাতে অযাচিত কিছু নেই। পুরো ট্রিলজি যেমন টেস্টফুল ভাবে শুরু হয়েছে, ঠিক তেমনই টেস্টফুল ভাবে শেষ হয়েছে। পুরো ৩ টি সিনেমায় এক মুহূর্তের জন্য-ও অপ্রয়োজনীয় কিছু দেখানো হয়নি। যা দেখানো হয়েছে সবই ভালো লেগেছে।
এই ট্রিলজি "কারুতা" গেম নিয়ে তৈরি, যার নিয়ম আমার জানা নেই, এটি একটি জাপানিজ ট্রেডিশনাল গেম কিন্তু গল্প বুঝতে অথবা উপভোগ করতে আপনার কোন অসুবিধা হবে না। মুভির মূল থীম হচ্ছে বন্ধুত্ব আর টিম স্পিরিট। আমার ভালো লাগার ব্যাপার হচ্ছে মুভিতে যে জিনিসটিকে গুরুত্ব দেয়া হয়েছে, সেটাকে সামনে রেখেই গল্প আগে বেড়েছে। মাঝে ভেবেছিলাম ভালোবাসা, হিংসে, ঘৃণা এগুলো যুক্ত করে ট্রিলজির বারোটা বাজানো হবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে পুরো ট্রিলজি নিজের গল্পকে গুরুত্ব দিয়েই আগে বেড়েছে। মাঝে ভালোবাসা দেখানো হয়েছে, ভালোবাসায় হৃদয় ভাঙ্গা-ও দেখানো হয়েছে কিন্তু কোন কিছু-ই মুভির থীমকে নষ্ট করেনি।
ট্রিলজির একটি দৃশ্যে ৩ টি কথা আছে:
- আমি বেশিরভাগ সময় কারুতা খেলেই পার করে দিলাম।-এখন পস্তাচ্ছো?-না, এগুলোই তো আমার মূল্যবান সম্পদ৷
এই ৩ টি কথা এই পুরো ট্রিলজির সৌন্দর্যকে রিপ্রেজেন্ট করে। মুভিতে প্রতিটি চরিত্র খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন পরিচালক। একদম কম সময় দেখানো চরিত্রগুলোকেও সর্বোচ্চ কাজে লাগিয়েছেন পরিচালক Norihiro Koizumi। এই ব্যাপারটা পুরো ট্রিলজিকে আরো সুন্দর করে তুলেছে আমার জন্য।
আরেকটা বিষয় না বললেই নয়, এই পুরো ট্রিলজির সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই ট্রিলজির অপূর্ব সুন্দর মিউজিক। এত সুন্দর, সুস্বাদু মিউজিক ব্যবহার করা হয়েছে যে এই ট্রিলজি ভালো না লেগে উপায় নেই। মিউজিকগুলো শুনে আপনার মনে হবে "আমি ঐ দুনিয়াতেই থাকতে চাই। ঐ দুনিয়ায় হারিয়ে যেতে চাই।"
প্রথম পার্ট দেখার পর যখন দ্বিতীয় পার্ট দেখছিলাম, মাঝের দিকে হুট করে মাথায় আসলো এই ট্রিলজি শেষ হলে আমি কী করবো? তখন নিজেকে স্বান্তনা দিলাম যে এটা শেষ হলেও আরেকটা পার্ট থাকবে। কিন্তু ঐটা শেষ করার পর যে আর কিছুই থাকবে না এটা ভেবে তখনই খারাপ লাগছিল।
সিনেমার ক্ষেত্রে আমি খুঁতখুঁতে। প্রিয় সিনেপ্রেমীদের মত "ওয়াইড রেঞ্জ" আমার নেই। আমি নির্দিষ্ট এক রেঞ্জেই আটকে আছি বিগত কয়েক বছর ধরে। সেই রেঞ্জের বাহিরের সিনেমাগুলোর ক্ষেত্রে আমাকে মুগ্ধ করা কঠিনসাধ্য ব্যাপার। আর সেই কঠিনসাধ্য ব্যাপারই সাধন করেছে Chihayafuru ট্রিলজি। এটা শুধু আমাকে মুগ্ধই করেনি, এই সিনেমা আমাকে পাগল করে ছেড়েছে। বিশেষ করে নভেম্বর মাসে আবহাওয়া হালকা-পাতলা ঠাণ্ডা হওয়া শুরু করলেই এই ট্রিলজি আমাকে অতিরিক্ত তাড়িয়ে বেড়ায়। কিন্তু সত্যি বলতে এই তাড়িয়ে বেড়ানোর অনুভূতিটা ভীষণ মিষ্টি আর এই মিষ্টি অনুভূতিটা আমি আরো অনেক বছর উপভোগ করতে চাই। আমি আরো অনেক বছর এই ট্রিলজিটিকে নিজের মধ্যে লালন করতে চাই। যতদিন এটার কথা মনে পড়বে, আমার মনের মধ্যে থাকা মিষ্টান্ন ভাব ততদিনই তাজা হবে।
পুরো কাজ দেখার ওয়াচ অর্ডার:
-Chihayafuru (2016)
-Chihayafuru II (2016)
-Chihayafuru: Tsunagu (Mini Drama, 2018)
-Chihayafuru III (2018)
*সবগুলো কাজ Norihiro Koizumi পরিচালনা করেছেন*
Tags
জাপানিজ সিনেমা



