Chasuke's Journey (2015) রিভিউ

স্বর্গে সৃষ্টিকর্তার আদেশে একঝাঁক চিত্রনাট্যকাররা নিরলস মানুষের জীবনের চিত্রনাট্য লিখে যাচ্ছেন। মানুষের জীবন একে অপরের সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই একজন লেখক একজন মানুষের জীবনে ছোট কোন পরিবর্তন আনলে সেটা অন্যান্য লেখকদের গল্পেও প্রভাব ফেলে। এমন ছোট কিছু পরিবর্তন টানতে টানতে অপ্রত্যাশিতভাবে এক মেয়ের মৃত্যুর কথা লেখা হয়ে যায়। ঐ মেয়ের জীবন লেখার দায়িত্বে যিনি আছেন, সে কোনভাবেই এই মৃত্যু মেনে নিবেন না৷ তাই তিনি স্বর্গ থেকে "চাস্কে" নামের একজনকে পৃথিবীতে পাঠান ঐ মেয়েকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য। স্বর্গ থেকে পৃথিবীতে এসে শুরু হয় চাস্কের ভিন্ন রকমের এক যাত্রা। 
সিনেমার স্থিরচিত্র। 


চাস্কে চরিত্রে অভিনয় করেছেন কেনিচি মাতসুইয়ামা। ডেথ নোটের লাইভ অ্যাকশনে L চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া কেনিচির অভিনয় এই সিনেমায় ছিল নিখুঁত। সিনেমার পরিচালনা এবং লেখার কাজ সেরেছেন সাবু। এই সিনেমায় তিনি ভিন্ন রকমের এক চিত্রনাট্য লিখেছেন যেটাতে তিনি নিজেই প্রাণ দিয়েছেন পরিচালনার মাধ্যমে। আপনারা যদি পূর্বে সাবুর কাজ দেখে থাকেন, তাহলে জানবেন যে তিনি চিত্রনাট্য লেখার কাজে কতোটা দক্ষ। তাঁর প্রতিটা চিত্রনাট্যে নতুনত্ব থাকে। এমন এক এনার্জি অথবা গল্প বলার ধরণ থাকে যা দেখে যেকেউই তাঁর ভক্ত বনে যাবে। যদিও স্টার্টার হিসেবে এই সিনেমা দিয়ে শুরু করার রেকমেন্ডেশন আমি দিবো না। তবে মনযোগ দিয়ে দেখতে বসলে, এটা দিয়েও তাঁর ভক্ত বনে যাবেন বলে বিশ্বাস করি। 
সিনেমার স্থিরচিত্র যেখানে নিওন আলোর এক ঝলক দেখা যাচ্ছে। 


তবে এটা খানিকটা হিট অ্যান্ড মিস সিনেমা আমার মতে। অবশ্য আমার প্রচণ্ড ভালো লেগেছে। ক্যামেরা এবং লাইটিংয়ের কাজ অনবদ্য ছিল। নিওন লাইটসের প্রতি আমি এমনিতেই দুর্বল। এই সিনেমায় নিওন লাইটসের কাজ দেখে ফিদা হয়ে গেছি। পুরো সিনেমার ভিজ্যুয়ালই অন্যরকম ছিল। সিনেমার কনসেপ্ট যে অন্যরকমের তা সিনেমার ভিজ্যুয়াল দেখলেই আঁচ পাওয়া যায়। গল্পের ধরন অনুযায়ী সেটাকে ভিজ্যুয়ালি প্রেজেন্ট করা সহজ বিষয় নয় তবে সাবু এই কাজ করতে পারার জন্যই বিখ্যাত।
সিনেমার পোস্টার। 



নাম: Chasuke's Journey (2015) 
পরিচালক: সাবু। 
ভাষা: জাপানিজ৷ 
কাস্ট: কেনিচি মাতসুইয়ামা, ইতো ওনো, ইউস্কে ইসেয়া, রেন ওগুসি।  
রানটাইম: ১ ঘণ্টা ৪৬ মিনিট৷ 
জনরা:ফ্যান্টাসি, কমেডি৷ 
ইস্ট এশিয়ান সিনেমা হাউজ রেটিং: ৪/৫

Dishan

Just sharing my thoughts and feelings or things I watch. Nothing else.

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম