1.Cold Eyes (2013)
dir: Ui-seok Jo, Kim Byung-seo
সাউথ কোরিয়ার একদম শীর্ষ পর্যায়ের ক্রাইম-থ্রিলার না হলেও সাউথ কোরিয়ান সিনেমা সম্বন্ধে মোটামুটি ধারণা থাকলে আপনি নিশ্চিত এই সিনেমার নাম শুনেছেন। জাং উ-সাং, সল কিউং-গু, হান হিয়ে-জু, লি জুন-হো অভিনীত প্যাকড স্টার-কাস্ট সিনেমা।
এই সিনেমায় নজরদারির দায়িত্বে থাকা একদল গোয়েন্দার গল্প দেখানো হয়েছে। কোনো টার্গেটকে গোয়েন্দারা কীভাবে নজরে রাখেন, তা বেশ পূঙ্খানুপুঙ্খভাবে এই সিনেমায় দেখানো হয়েছে।
এই সিনেমার অরিজিনালটার চিত্রনাট্য লিখেছেন জনি টো এবং ওয়াই কা-ফাই প্রতিষ্ঠিত মিল্কিওয়ে ইমেজ প্রোডাকশনের নিয়মিত চিত্রনাট্যকার ইয়াউ নাই-হউ এবং আউ কিন-ই। তাঁরা এই সিনেমা লিখেছিলেন মিল্কিওয়ে ইমেজ প্রযোজিত সিনেমা Eye in the Sky (2007) এর জন্য, যেখান থেকে স্বত্ব কিনে ২০১৩ সালে সাউথ কোরিয়ায় Cold Eyes বানানো হয়। অরিজিনালটার পরিচালনার দায়িত্বে ছিলেন দুই চিত্রনাট্যকারের একজন, ইয়াউ নাই-হই। দীর্ঘ সময় জনি টো'র জন্য চিত্রনাট্য লেখা ইয়াউ নাই-হই এই সিনেমার মাধ্যমে পরিচালনার জগতে প্রবেশ করেন।
সিমন ইয়াম, টনি লিউং কা-ফাই, কেট সাই, লাম সুয়েট অভিনীত Eye in the Sky (2007) সিনেমাকেও স্টার-কাস্ট সিনেমা বলা যেতে পারে। ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, Eye in the Sky সিনেমার মূল ভূমিকায় অভিনয় করা সিমন ইয়াম কে সাউথ কোরিয়ান ভার্শনে অতিথি শিল্পী হিসেবে কিছু সময়ের জন্য দেখা গিয়েছিল।
![]() |
| Cold Eyes (বামে) এবং Eye in the Sky (ডানে) |
2.A Better Tomorrow (2010)
dir: Song Hae-sung
পুরো বিশ্বের অন্যতম সবচেয়ে ইনফ্লুয়েনশিয়ান ক্রাইম সিনেমা A Better Tomorrow (1986) হতে ২০১০ সালে সাউথ কোরিয়া এই সিনেমা রিমেক করে। নাম একই রাখা হয়েছে। এই সিনেমা পরিচালনার দায়িত্ব পালন করেন সং হে-সুং এবং অভিনয় করেন কিম কাং-ইউ, জু জিন-মো, সং সিউং-হুন এবং জো হান-সুন।
অরিজিনালটা পরিচালনার দায়িত্বে ছিলেন এশিয়ার বিখ্যাত নির্মাতা জন ইউ, যিনি তাঁর ক্যারিয়ারে The Killer (1989), Hard Boiled (1992), Face/Off (1997), Mission: Impossible 2 (2000), Red Cliff (2008-09) এর মত সিনেমা নির্মাণ করেছেন। আর অভিনয়ে ছিলেন চাও ইউ-ফাট, টি লুং এবং লেজলি চিউং ত্রয়ী। সেসময় এই ৩ জনেই অভিনেতা হিসেবে সংগ্রাম করছিলেন। পরিচালক জন ইউ নিজেও তেমন প্রতিষ্ঠিত ছিলেন না। কিন্তু এই সিনেমার মাধ্যমে পরিচালক জন ইউ, অভিনেতা চাও ইউন-ফাট এবং লেজলি চিউং কাল্ট ফিগারে পরিণত হন। এই সিনেমার ইনফ্লুয়েন্স নিয়ে ভবিষ্যতে আলাদা লেখা লিখবো৷ এটার ইনফ্লুয়েন্স এতই বিশাল যে আলাদা লেখা ছাড়া সবকিছু ব্যাখা করা সম্ভব নয়।
এমন ইনফ্লুয়েনশিয়ান এক সিনেমার রিমেক করে সাউথ কোরিয়া ২০১০ সালে যা দর্শকরা ভালোভাবে গ্রহণ করতে পারেনি।
(২০১৮ সালে চীনেও এই সিনেমার রিমেক করা হয়।)
![]() |
| সাউথ কোরিয়ান A Better Tomorrow (উপরে) এবং হংকং A Better Tomorrow (নিচে) |
3.My Little Bride (2004)
dir: Ho-joon Kim
সাউথ কোরিয়ার ২০০৪ সালের ব্যবসাসফল রম-কম। মোট ৩,১৫৯,৫০০ টিকিট বিক্রির মাধ্যমে এই সিনেমা ২০০৪ সালের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী সাউথ কোরিয়ান সিনেমা হয়। এটার উপরে শুধু Taekgukgi ছিল।
কোরিয়ায় ব্যবসাসফল হওয়ার পাশাপাশি পুরো বিশ্বের সাউথ কোরিয়ান সিনেমা ভক্তদের মাঝেও এই রম-কম বেশ জনপ্রিয়। আমি যখন প্রথম প্রথম সাউথ কোরিয়ান সিনেমার প্রতি আকৃষ্ট হই, তখন আমি সর্বপ্রথম এই ফিল্মটি দেখেছিলাম, যার কারণে এটা আমার জন্য খুব বিশেষ একটি ফিল্ম বলা যেতে পারে।
এই সিনেমায় প্রথম বর্ষের হাইস্কুল ছাত্রী সো বো-ইউন (মুন গিউন-ইয়াং) কে কলেজ ছাত্র পার্ক সাং-মিন (কিম রে-ওন) এর সাথে জোর করে বিয়ে দেয়া হয়। এইজন্য এই সিনেমার নাম My Little Bride৷ এই সিনেমায় মুন গিউন-ইয়াংয়ের অভিনয় দর্শকপ্রিয় হতে সময় নেয়নি। সকলের মত আমিও এই সিনেমা দেখে তাঁর ভক্ত বনে যাই তবে কিছু মাস পর উপলব্ধি করি যে এটা আসলে ২০০২ সালের হংকং ফিল্ম My Wife is 18 সিনেমার রিমেক। অরিজিনাল টা পরিচালনা করেছেন জেমস উয়েন আর মূল ভূমিকায় অভিনয় করেছে শারলেন চই এবং একিন চ্যাং।
![]() |
| My Little Bride (বামে) এবং My Wife is 18 (ডানে) |
4.Believer (2018)
dir: Lee Hae-young
আরেকটি মিল্কিওয়ে ইমেজ প্রোডাকশন সিনেমার রিমেক। এবার খোদ জনি টো পরিচালিত ২০১২ সালের সিনেমা Drug War এর রিমেক করেছে সাউথ কোরিয়া। পরিচালনার দায়িত্বে ছিলেন লি হে-ইয়াং। সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেছেন চো জিন-উং, রিউ জুন-ইউল এবং প্রয়াত কিম জু-হিউক, যা তাঁর ক্যারিয়ারের সর্বশেষ রোল।
মিল্কিওয়ে ইমেজের তত্বাবধানে তৈরি জনি টো পরিচালিত সর্বপ্রথম চীনা-সেন্ট্রিক ক্রাইম সিনেমা ছিল Drug War। যেটার কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছিলেন লুইস কু এবং সুং হোংলেই। এই সিনেমার চিত্রনাট্যেও জড়িত ছিলেন Eye in the Sky মুভির পরিচালক-চিত্রনাট্যকার ইয়াউ নাই-হই। এছাড়াও ওয়াই কা-ফাই, রাইকার চ্যান এবং ইউ ঝি মিলে এই সিনেমার চিত্রনাট্য সম্পন্ন করেন।
![]() |
| Believer (বামে) এবং Drug War (ডানে) |



